সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার: জাল-মাছসহ ২ জেলে আটক

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আড়াই মণ মাছ ও অবৈধ জালসহ দুই জেলেকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে সুন্দরবন বন বিভাগ আটককৃতদের বিরুদ্ধে সিওআর মামলা দায়ের করে ৪০ হাজার টাকা জরিমানা করে। তবে বনাঞ্চলে আধুনিক বিষ পরীক্ষাগার না থাকায় আইনগত প্রমাণে জটিলতা দেখা দিয়েছে।

পূর্ব সুন্দরবনের করমজল ও চাঁদপাই স্টেশন সংলগ্ন এলাকা থেকে আটককৃত ওই দুই জেলে হলেন খুলনার দাকোপ উপজেলার খেজুরিয়া এলাকার বাসিন্দা বাসুদেব মণ্ডল ও স্বপন মণ্ডল। স্থানীয় সূত্রে জানা যায়, মোংলার চিলা নদীতে একটি নৌকায় সুন্দরবন থেকে ধরে আনা মাছে বরফ দেওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালান। সে সময় বিষ দিয়ে শিকার করা মাছ এবং নিষিদ্ধ খালপাটা জাল দেখতে পেয়ে তাদের আটক করা হয়।

খবর পেয়ে করমজল ও চাঁদপাই স্টেশনের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই মণ বিভিন্ন প্রজাতির মাছ এবং একটি অবৈধ খালপাটা জাল জব্দ করেন। সুন্দরবনের করমজল স্টেশন কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বনের জীববৈচিত্র্য সুরক্ষায় বন আইনে সিওআর মামলা দায়েরের পর আদালতের নির্দেশে আটক ব্যক্তিদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা নিষিদ্ধ জালটি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এদিকে, চাঁদপাই স্টেশন কার্যালয় থেকে জানানো হয়েছে, বন বিভাগের কাছে বিষ বা কীটনাশক পরীক্ষার আধুনিক সরঞ্জাম বা পরীক্ষাগার না থাকায় মাছে রাসায়নিকের উপস্থিতি শতভাগ প্রমাণ করা সম্ভব হয়নি। পরিবেশবিদদের মতে, সংবেদনশীল বনাঞ্চলে বিষপ্রয়োগের ফলে সামুদ্রিক ও নদীর জলজ জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি হচ্ছে। এ ধরনের অপরাধ দমন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অবিলম্বে আধুনিক পরীক্ষা ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০