জলবায়ু অভিযোজনের নামে ঋণের ফাঁদ বন্ধের দাবি মোংলায়
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কাটাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের বদলে অনুদান ও ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন মোংলার পরিবেশবাদীরা। শুক্রবার সকালে স্থানীয় মিঠেখালি বাজারে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি পরিহার করে দ্রুত সবুজ ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের আহ্বান জানান।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভাকে কেন্দ্র করে 'ধরিত্রী রক্ষায় আমরা' (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, উদয়ন যুব সংঘ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচিতে উপস্থিত বক্তারা জলবায়ু অর্থায়নে ঋণপ্রথার চরম বিরোধিতা করেন।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন, উন্নত দেশগুলোর মুনাফাকেন্দ্রিক আচরণের কারণে বিশ্ব আজ চরম সংকটে। ক্ষতিগ্রস্ত মানুষকে ঋণের বোঝা না চাপিয়ে তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এবং খাদ্যকে করপোরেট পণ্যের বদলে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে।
অনুষ্ঠানে বক্তারা আরও জানান, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিশ্বব্যাংক-আইএমএফের সভাকে ঘিরে বিশ্ব অর্থনীতি কার স্বার্থে পরিচালিত হবে—এই মূল প্রশ্নটিই তুলে ধরা হয়েছে। এতে শ্রমিক নেতা নাজমুল হকসহ অন্যান্য স্থানীয় সামাজিক ও উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
৩০৫ বার পড়া হয়েছে