ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, নড়াইলে গ্রেপ্তার ২
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ২:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফেসবুকে বিভিন্ন নামে আইডি খুলে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে নড়াইলে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মুঠোফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮২ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বেবি বাইক সপ বিডি’ ও ‘মিশরীয় মুরগি সেল বাজার’সহ বিভিন্ন নামে আইডি খুলে দীর্ঘদিন ধরে অনলাইনে প্রতারণা করে আসছিলেন তাঁরা। স্বল্প মূল্যে পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার পাটেশ্বরী দক্ষিণপাড়ার ওবাইদুল্লাহর ছেলে মোর্তজা (২৭) এবং একই উপজেলার নারায়ণপুর গ্রামের কামাল মোল্যার ছেলে বিকাশ এজেন্ট লিমন মোল্যা (২৭)।
ডিবি পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা ডিবি পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মুঠোফোন ও প্রতারণালব্ধ ৮২ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে ওসি মো. আলাউদ্দীন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা গত দুই বছর ধরে বিভিন্ন ফেসবুক আইডির মাধ্যমে প্রতারণা করার কথা জানিয়েছেন। এসব আইডি ও পেজের নামের মধ্যে রয়েছে ‘বেবি বাইক সপ বিডি’, ‘বেবি বাইক’, ‘কলম প্যাকেজিং চাকরির ডাক ২.০’, ‘মিশরীয় মুরগি সেল বাজার ২.০’ এবং ‘কম্বল.বিডি’।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রতারকচক্রটি ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দিয়ে কম দামে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিত। এরপর আগ্রহী ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়ে পণ্য সরবরাহ না করে প্রতারণা করত।
এক ভুক্তভোগী নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। পরে প্রতারকচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য মাঠে নামে জেলা ডিবি পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি দল।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে নড়াইলের কালিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নে একাধিক প্রতারকচক্র এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এর আগে এ ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১১১ বার পড়া হয়েছে