ডিসেম্বরেই খুলছে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে: সড়কমন্ত্রী
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ২:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত নির্মাণাধীন এলিভেটেড ওয়ে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম মুন্সীগঞ্জের উন্নয়ন প্রকল্পসমূহ সরজমিনে পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান। প্রকল্পটি চালু হলে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।
গজারিয়া উপজেলার ফুলদী নদীর ওপর নতুন সেতু নির্মাণের পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী কথা বলেন। তিনি জানান, চলতি বছরের মধ্যেই সেতুটির প্রকল্প গ্রহণ, নকশা প্রণয়ন ও অনুমোদন সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে। এই সেতুটি নির্মিত হলে স্থানীয় সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।
পরিদর্শনকালে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
দেশের সড়ক নিরাপত্তা জোরদার করার বিষয়ে মন্ত্রী জানান, দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে বিশেষজ্ঞ পর্যায়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ ও সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট করেন যে, এখন থেকে চালকদের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে শারীরিক পরীক্ষা, দৃষ্টিশক্তি যাচাই ও ড্রপ টেস্ট বাধ্যতামূলক থাকবে।
সড়কে শৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন মন্ত্রী। একই সাথে যানবাহনের নির্দিষ্ট মেয়াদ ও কারিগরি মান কঠোরভাবে তদারকি করার নির্দেশ দেন তিনি।
১২০ বার পড়া হয়েছে