দুর্গম চরে শিশুদের শিক্ষা উপকরণ দিল কুড়িগ্রাম চর উন্নয়ন পরিষদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের দুর্গম চর রাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ। একই সাথে চরাঞ্চলে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে অবিলম্বে ভাসমান ও মাধ্যমিক বিদ্যালয় স্থাপনসহ ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের জোর দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঘোগাদহ ইউনিয়নের চর রাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কুড়িগ্রামের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। সভাপতির দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের।
অধ্যাপক শফিকুল ইসলাম তার বক্তব্যে উল্লেখ করেন, কুড়িগ্রামে বর্তমানে দারিদ্র্যের হার ৭০ দশমিক ৮ শতাংশ। এই বিশাল জনগোষ্ঠীকে দারিদ্র্যমুক্ত করতে হলে চরাঞ্চলের সাড়ে ৫ লাখ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হবে। কিন্তু নদীভাঙনে সম্প্রতি খেওয়ার আলগার চর প্রাথমিক বিদ্যালয়টি বিলীন হয়ে যাওয়ায় শিক্ষা ব্যবস্থাপনা মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
তিনি চরাঞ্চলের শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত মাধ্যমিক বিদ্যালয় এবং বিকল্প হিসেবে ‘ভাসমান স্কুল’ চালুর তাগিদ দেন। একইসঙ্গে পার্বত্য অঞ্চলের মতো চরাঞ্চলের সুনির্দিষ্ট সংকট নিরসনে দ্রুত ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, আব্দুল আখের, নাজমুন নাহার বিউটি, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোঃ নওশাদ এবং ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক। আলোচনা পর্ব শেষে অতিথিরা বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ব্যাগ, খাতা ও কলম তুলে দেন।
১১৫ বার পড়া হয়েছে