টানা ৫ দিনের ছুটি ও কার্নিভাল: পর্যটকদের ঢল নামার অপেক্ষায় কুয়াকাটা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন দুর্গাপূজার ছুটি, সাপ্তাহিক ছুটি ও দুই দিনব্যাপী বিচ কার্নিভাল উৎসব ঘিরে সাগরকন্যা কুয়াকাটায় বিশাল পর্যটক সমাগমের সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যেই এখানকার সিংহভাগ হোটেল-মোটেল ও রিসোর্ট আগাম বুকিং হয়ে গেছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
কুয়াকাটা সৈকতে আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে আনন্দমুখর পরিবেশ। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দুর্গাপূজার ছুটি এবং শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো বিচ কার্নিভাল। টানা ৫ দিনের এই দীর্ঘ ছুটিতে অন্তত দুই থেকে তিন লাখ পর্যটকের পদচারণায় সৈকত মুখরিত হবে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
পর্যটকদের আকর্ষণ করতে এবং তাঁদের ভ্রমণ আরও সাশ্রয়ী করতে হোটেল মালিক সমিতি রুম ভাড়ার ওপর ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে। বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির অধিকাংশ হোটেলের কক্ষই আগাম বুক হয়ে গেছে। বীচ কার্নিভাল উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচ ম্যারাথন এবং বিচ ফুটবলের মতো নানা আকর্ষণীয় ইভেন্টের আয়োজন করা হচ্ছে।
আসন্ন উৎসব ও পর্যটকদের আগমন সামনে রেখে স্থানীয় প্রশাসন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু করেছে। একই সঙ্গে সৈকত এলাকার অনিয়মিত ও ক্ষুদ্র দোকানপাট সরিয়ে নিয়ে পরিবেশ সুন্দর করার কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে সব পক্ষের অংশগ্রহণে প্রস্তুতিমূলক সমন্বয় সভাও আহ্বান করা হয়েছে।
পর্যটকদের সুরক্ষায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখার পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। এর ফলে পর্যটকেরা সম্পূর্ণ নির্ভাবনায় ও নিরাপদে তাঁদের ছুটি উপভোগ করতে পারবেন।
১২২ বার পড়া হয়েছে