ভালুকায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় রাতে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের ছোবলে মোছা. মোছলেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত মোছলেহা খাতুন ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও পাঁচপাই গ্রামের বাঁশবাড়ি এলাকার দিনমজুর মো. সানোয়ার ওরফে ছনু মিয়ার স্ত্রী। তিনি এক ছেলে ও তিন কন্যাসন্তানের জননী ছিলেন। অত্যন্ত দরিদ্র এই পরিবারটির সংসার চলত সানোয়ারের দিনমজুরির আয়ে।
পারিবারিক সূত্রের তথ্যমতে, মঙ্গলবার রাত আনুমানিক তিনটার দিকে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় মোছলেহার বাম হাতে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। যন্ত্রণা অনুভব করায় পরিবারের সদস্যরা টের পান এবং তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছানোর পর রাত চারটার দিকে চিকিৎসকরা তাকে সাপের বিষের প্রতিষেধক ইনজেকশন প্রদান করেন। পরবর্তীতে শারীরিক পরিস্থিতির অবনতি হলে বুধবার সকাল ৯টার দিকে তাকে পুনরায় ইনজেকশন দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। বেলা দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মোনতাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
১১৩ বার পড়া হয়েছে