ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক আবাইপুর দিবস
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক আবাইপুর দিবস। এ উপলক্ষে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রাণোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সুধীজন ও বীর মুক্তিযোদ্ধারা।
বুধবার সকালে শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে আবাইপুর শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর সংলগ্ন স্থানে এ স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা অংশ নেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফরিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণ চন্দ্র পাল। অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক আবাইপুর যুদ্ধের প্রেক্ষাপট এবং বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য আত্মত্যাগের কথা স্মরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী, ওসি (তদন্ত) শাকিল আহমেদ, আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাসুম বাবর হিরো।
আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা তরুণ ও নতুন প্রজন্মের মাঝে বীর মুক্তিযোদ্ধাদের এই মহান আদর্শ ও অকৃত্রিম দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
১২৯ বার পড়া হয়েছে