টঙ্গীতে কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট, পাশের ভবনেও ছড়িয়েছে
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৭:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন পাশের একটি চারতলা ভবনেও ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। ঘন ধোঁয়া, প্রচণ্ড তাপ ও রাসায়নিকের তীব্র গন্ধে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লেগেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানটির ইউনিট-২ কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি চারতলা ভবনেও ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথমে ড্রাগ ইন্টারন্যাশনালের একটি ভবনে আগুন লাগে। পরে তা পাশের পেনসিলিং ভবনের চারতলায় ছড়িয়ে পড়ে। আগুনে কারখানার ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগুনের প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার কারণে আশপাশের এলাকায় অবস্থান করা কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে রাসায়নিকের তীব্র গন্ধ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
তিনি আরও বলেন, আগুনের শিখা অত্যন্ত তীব্র হওয়ায় তা নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজীপুর, টঙ্গী, উত্তরা ও আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আসা ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কারখানার পাশাপাশি পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
১২৮ বার পড়া হয়েছে