'ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট' প্রকল্প চালুর ঘোষণা
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের প্রতিটি অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্য ও খাদ্যসামগ্রী বাজারজাতকরণের লক্ষ্যে 'ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট' প্রকল্প শুরু করতে যাচ্ছে সরকার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ত্রাণ বিতরণ শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ এই তথ্য জানান।
অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ ব্যবস্থাপনায় এই বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এর মূল উদ্দেশ্য স্থানীয় ঐতিহ্যবাহী শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং প্রত্যন্ত অঞ্চলে বিপুল সংখ্যক নতুন উদ্যোক্তা তৈরি করা।
অনুষ্ঠানে রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি সতর্ক করে বলেন, পরাজিত শক্তি যেকোনো সময় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে। অতীতে যেভাবে সাধারণ মানুষকে সাথে নিয়ে এসব চক্রান্ত নস্যাৎ করা হয়েছিল, ভবিষ্যতেও একইভাবে তা মোকাবিলা করা হবে। একই সাথে যেকোনো ধরনের গোপন চক্রান্তের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে তিনি জানান।
পরবর্তী সময়ে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় বিএনপি নেতা আশরাফুল হক, সফিকুল ইসলাম ও ডা. নাহিদুজ্জামান সুমনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৮২ বার পড়া হয়েছে