ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৩:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবায় অনিয়ম, রোগী হয়রানি, দালাল চক্রের মাধ্যমে বেসরকারি হাসপাতালে পাঠানো এবং সরকারি ওষুধ বাইরে বিক্রিসহ বিভিন্ন অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত চলা এ অভিযানে দেখা যায়, হাসপাতালের একজন সহকারী বাবুর্চি ওয়ার্ড বয়ের দায়িত্ব পালন করছেন। বিষয়টি সামনে আসার পর হাসপাতালের সেবার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত দুদকের এনফোর্সমেন্ট টিমের এ অভিযান চলে। এ সময় হাসপাতালের একজন সহকারী বাবুর্চিকে ওয়ার্ড বয়ের দায়িত্ব পালন করতে দেখা যায়।
দুদক সূত্রে জানা গেছে, হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে গাফিলতি ও হয়রানি, দালাল চক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পাঠানো, আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগে অর্থ আত্মসাৎ এবং সরকারি ওষুধ বাইরে বিক্রিসহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও প্রশাসনিক শাখা পরিদর্শন করেন। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করেন। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের কাজে দুদকের দলকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
ফরিদপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুস্তাফিজ বলেন, প্রধান কার্যালয়ের অনুমতি সাপেক্ষে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান এখনো চলমান রয়েছে। এ সময় যেসব তথ্য ও অনিয়ম পাওয়া যাবে, সেগুলো প্রতিবেদন আকারে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো সম্ভব হবে।
সম্প্রতি এ হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে সমালোচনা শুরু হয় বিথি আক্তার নামের এক রোগীর মৃত্যুর ঘটনায়। অভিযোগ রয়েছে, সিজারিয়ান অস্ত্রোপচারের সময় তাঁর পেটে গজ রেখে সেলাই করা হয়েছিল। ঘটনার প্রায় পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর হাসপাতালের চিকিৎসাসেবার মান ও দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
দুদকের চলমান অভিযানে পাওয়া তথ্য ও নথিপত্র পর্যালোচনার পর অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১৫৪ বার পড়া হয়েছে