সর্বশেষ

সারাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, মঙ্গলবারের মধ্যে পর্যটকদের ছাড়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৭:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে পর্যটনকেন্দ্রটি ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সাজেক-বাঘাইহাট সড়কে দুটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ এবং এলাকার নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে সাজেক এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেয় ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কারবারি অ্যাসোসিয়েশন’। প্রশাসন তাদের দুই দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় অবরোধ ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।

রোববার ভোর থেকে শুরু হওয়া অবরোধ চলাকালে সাজেক-দীঘিনালা-বাঘাইহাট সড়কের গঙ্গারাম ও উজোবাজারসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন অবরোধকারীরা। এ সময় তাঁরা মিছিল করেন এবং সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেন।

অবরোধের কারণে সাজেকে অবস্থানরত প্রায় আড়াই হাজার পর্যটক সড়কে আটকা পড়েন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও প্রথমে সফল হয়নি। পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে প্রায় আড়াই ঘণ্টা পর অবরোধকারীরা সড়কের ব্যারিকেড তুলে নেন।

সংগঠন দুটির দুই দফা দাবি হলো, অভিযান পরিচালনা করে একটি আঞ্চলিক দলের সশস্ত্র গোষ্ঠীকে সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়া এবং স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়িতে তল্লাশি বন্ধ করে তাঁদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য বাবুধন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু লারমা গ্রুপের সশস্ত্র গোষ্ঠীকে সাজেক থেকে সরিয়ে নেওয়া, স্থানীয় সাধারণ মানুষের ঘরবাড়িতে তল্লাশি বন্ধ করা এবং তাঁদের হুমকি দেওয়া থেকে বিরত রাখার বিষয়ে প্রশাসন আশ্বাস দিয়েছে। এ আশ্বাসের ভিত্তিতেই ৪৮ ঘণ্টার জন্য সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে আবারও সড়ক অবরোধ শুরু করা হবে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, অবরোধকারীরা সড়কে ব্যারিকেড দেওয়ায় পর্যটকেরা আটকা পড়েছিলেন। পরে প্রশাসন তাঁদের দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা সড়ক ছেড়ে দেন।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০