সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ২:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮০ জনে। এদিকে, বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৫১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যু অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত এসব শিশুর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
মারা যাওয়া শিশুরা হলো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা বিলাল আহমদের ছয় মাস বয়সী ছেলে আরাব, সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা সাইদুল আলমের এক বছর দুই মাস বয়সী মেয়ে ইবা আক্তার এবং একই জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা জান্নাত মিয়ার ১০ মাস বয়সী ছেলে রাইয়ান।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে রোববার পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৮০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনের শরীরে পরীক্ষাগারে হাম শনাক্ত হয়েছিল। অন্যরা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত পরীক্ষাগারে সিলেট বিভাগের ১ হাজার ৯৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে চিকিৎসাসেবা ও রোগীদের ওপর নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
১২০ বার পড়া হয়েছে