চায়ের মানোন্নয়নে দুর্বলতা চিহ্নিত করার আহ্বান চা বোর্ড চেয়ারম্যানের
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উত্তরাঞ্চলের চা শিল্পকে এগিয়ে নিতে চায়ের গুণগত মান নিশ্চিতকরণ ও প্রক্রিয়াজাতকরণের দুর্বলতা চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। পঞ্চগড়ে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ ও চা আস্বাদনী অধিবেশনে তিনি চাষী ও কারখানা মালিকদের এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। এতে সমতল ভূমির বিভিন্ন কারখানায় উৎপাদিত চায়ের গুণাগুণ পরীক্ষা ও মূল্যায়ন করা হয়।
বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে 'গুণগতমানের চা উৎপাদন' শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ও চা আস্বাদনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে চা বোর্ড চেয়ারম্যান উল্লেখ করেন যে, নিজেদের কাজের ভুল ও মানগত ঘাটতি চিহ্নিত করার সক্ষমতাই টেকসই উন্নয়নের মূল শর্ত।
তিনি জোর দিয়ে বলেন, চায়ের প্রক্রিয়াজাতকরণ এবং হ্যান্ডলিংয়ের কোন পর্যায়ে গুণের অবনতি ঘটছে, তা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। উত্তরাঞ্চলের চা শিল্পের ইতিবাচক বৈশিষ্ট্যগুলো ধরে রেখে বিশ্বমানের চা উৎপাদনে শিল্প-সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
উক্ত আয়োজনে চা বোর্ডের গবেষণা ও উন্নয়ন বিভাগের কর্মকর্তা, প্রকল্প উন্নয়ন ইউনিটের প্রতিনিধি, বটলিফ চা কারখানা সমিতি, স্মল টি ওনার্স অ্যান্ড ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন এবং স্থানীয় চা চাষী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। বক্তারা সমতলের চা চাষের সম্ভাবনা ও বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অধিবেশনের শেষভাগে আঞ্চলিক চা বোর্ড প্রাঙ্গণে আয়োজিত সেশনে উত্তরাঞ্চলের প্রায় ৩০টি নিবন্ধিত কারখানার উৎপাদিত চায়ের কাপ টেস্ট করা হয়। চা বোর্ডের বিশেষজ্ঞ ও গবেষকরা সরাসরি চা পান করে গুণগত মান যাচাই এবং মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
১২৯ বার পড়া হয়েছে