নগরকান্দায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দায় প্রয়োজনীয় যোগ্যতা ও সরকারি শর্ত পূরণ করার পরও সার ডিলারশিপ না পাওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন বঞ্চিত আবেদনকারীরা। রোববার সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতা ও প্রশাসনের যোগসাজশে অনিয়মের মাধ্যমে ডিলার নিয়োগের দাবি তোলা হয়। ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
নগরকান্দা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বঞ্চিতদের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শাহীন মুন্সী। তিনি অভিযোগ করেন, সরকারি নীতিমালা উপেক্ষা করে নিজস্ব গোডাউন না থাকা সত্ত্বেও ভাড়া করা ঘর ব্যবহারকারী কয়েকজনকে অবৈধভাবে ডিলার হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কাইচাইল ইউনিয়নের কামাল সিকদার, ডাঙ্গী ইউনিয়নের আবু সাঈদ মুন্সী এবং লস্করদিয়া ইউনিয়নের শাহিনুরকে যোগ্যতার তোয়াক্কা না করে রাজনৈতিক পরিচয় ও অর্থ লেনদেনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। লস্করদিয়া ইউনিয়নে নিয়োগ পাওয়া শাহিনুর পূর্বে খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার হিসেবেও নিয়োজিত ছিলেন। এছাড়া রামনগর ও ফুলসুতি ইউনিয়নে নিয়োগের ক্ষেত্রেও একই ধরনের কারচুপির অভিযোগ উঠেছে।
তবে অভিযোগের বিষয়ে নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার জানান, এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন ও কৃষি কর্মকর্তা রেজাউল করিম সমস্ত অনিয়মের অভিযোগ অস্বীকার করে জানান, সঠিক প্রক্রিয়ায় যোগ্যদের তালিকা তৈরি করেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।
১১৯ বার পড়া হয়েছে