প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও কড়া নিরাপত্তার নির্দেশ পর্যটনমন্ত্রীর
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নকাজে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
রবিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আইনশৃঙ্খলা আলোচনার পাশাপাশি গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করতে হবে। পরবর্তী সভার আগেই দৃশ্যমান অগ্রগতি তুলে ধরার তাগিদ দেন তিনি।
মন্ত্রী আরও উল্লেখ করেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিতে হবে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি সচল রাখতে কৃষি ও সমাজকল্যাণ বিভাগকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করার নির্দেশ দেন তিনি।
উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী জানান, ময়মনসিংহে রাস্তাঘাট, খাদ্যগুদাম নির্মাণ ও নদীভাঙন রোধে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী বছর থেকে এসব কাজের সুফল জনগণ পেতে শুরু করবে। উন্নয়নকাজে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্যগণ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
১০৬ বার পড়া হয়েছে