সাজেক-দীঘিনালা সড়কে ৪৮ ঘণ্টা অবরোধ শিথিল, ফিরলেন হাজার পর্যটক
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ১:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রশাসনের আশ্বাসের পর সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ৪৮ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে। এতে করে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় আটকে পড়া প্রায় এক হাজার পর্যটক নিরাপদে গন্তব্যে ফিরেছেন।
রোববার সকাল থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের যৌথ আহ্বানে এই সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়। স্থানীয় জেএসএস নামধারী সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থার দাবিতে এই আন্দোলনের ডাক দেয় সংগঠন দুটি।
অবরোধের কারণে পার্বত্য এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়া বিপুল সংখ্যক পর্যটক হঠাৎ করেই সেখানে আটকা পড়েন। সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে পথ আটকে দেওয়া হয়, ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সাথে কয়েক দফায় আলোচনায় বসেন। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফাজ্জল হোসেন জানান, প্রশাসনের ইতিবাচক আশ্বাসের প্রেক্ষিতে সাময়িকভাবে সড়ক সচল করতে সম্মত হয় অবরোধকারীরা।
আশ্বাস মেলার পর সেনাবাহিনীর নিরাপত্তাবেষ্টনীতে আটকা পড়া পর্যটকদের ধাপে ধাপে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে পুরো এলাকায় জননিরাপত্তা জোরদারে সেনাবাহিনী ও পুলিশের টহল অব্যাহত রয়েছে।
১১৮ বার পড়া হয়েছে