নওগাঁয় পেঁপে চাষ, এক মৌসুমেই ২৩ লাখ টাকা লাভের আশা
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁর বদলগাছীতে পেঁপে চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তরুণ কৃষি উদ্যোক্তা আমজাদ হোসেন। মাত্র সাড়ে তিন বিঘা জমিতে পেঁপে আবাদ করে চলতি মৌসুমে সব খরচ বাদ দিয়ে প্রায় ২৩ লাখ টাকা নিট মুনাফার আশা করছেন তিনি।
উপজেলার চুয়ারপুর গ্রামের আমজাদ হোসেন ১০ মাস আগে নিজের সাড়ে তিন বিঘা জমিতে ১,২৫০টি পেঁপের চারা রোপণ করেন। জমি তৈরি, চারা সংগ্রহ, বাঁশের খুঁটি, জৈব ও রাসায়নিক সার এবং মাকড়নাশক প্রয়োগসহ পুরো প্রক্রিয়ায় তাঁর প্রাথমিক খরচ হয় প্রায় ৫ লাখ টাকা। বর্তমানে বাগানের দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্তের মানুষও মুগ্ধ হচ্ছেন।
উদ্যোক্তা আমজাদ জানান, গাছে আসা কিছু পুরুষ ফুল ও ক্ষতিগ্রস্ত ৫০টি গাছ বাদ দিলে বর্তমানে বাগানে ১,২০০টি ফলন্ত গাছ রয়েছে। সেপ্টেম্বর মাস থেকে ফলন সংগ্রহ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিটি গাছ থেকে গড়ে অন্তত ২ মণ করে পাকা পেঁপে পাওয়া যাবে। সে হিসাবে চলতি মৌসুমে মোট ২,৪০০ মণ পেঁপে উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
পাইকারি বাজারে প্রতি মণ পেঁপে সর্বনিম্ন ১,২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সম্পূর্ণ বাগান থেকে মোট ২৮ লাখ ৮০ হাজার টাকার পেঁপে বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উৎপাদনে খরচ হওয়া ৫ লাখ টাকা বাদ দিলে নিট মুনাফা দাঁড়াবে ২৩ লাখ টাকার বেশি। বাগানের সুস্বাদু ও বিষমুক্ত পেঁপে কিনতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় ক্রেতা ও পাইকাররা।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনজুর রহমান জানান, পেঁপে একটি পুষ্টিকর ফল ও সবজি হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। আমজাদ হোসেনের মতো সফল উদ্যোক্তাদের সর্বাত্মক পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে কৃষি বিভাগ সবসময় প্রস্তুত রয়েছে।
১১৭ বার পড়া হয়েছে