সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, সেনাবাহিনীর নিরাপত্তায় পর্যটক পারাপার
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটির সাজেক-দিঘীনালা সড়কে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এই পরিস্থিতিতে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে আটকে পড়া পর্যটকদের সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় নিরাপদে পারাপারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রোববার সকাল থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। সড়ক অবরোধের কারণে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
বিক্ষোভকারীরা গঙ্গারাম উঁচাবাজারসহ বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরুদ্ধ করে রাখে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নাম ব্যবহারকারী সশস্ত্র গোষ্ঠীর হুমকি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে স্থানীয়রা এই আন্দোলন গড়ে তোলেন।
হঠাৎ এই অবরোধের ফলে ছুটির দিনে সাজেকে বেড়াতে যাওয়া অন্তত ১২ শত পর্যটক যাতায়াত নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনাবাহিনী।
কটেজ মালিক সমিতি জানায়, নিরাপত্তা বাহিনীর বিশেষ স্কর্টের মাধ্যমে পর্যটকদের সাজেক থেকে ফিরিয়ে আনা এবং নতুন পর্যটকদের প্রবেশের সুযোগ তৈরি করা হচ্ছে।
১২১ বার পড়া হয়েছে