চাঁপাইনবাবগঞ্জে ক্যাশলেস ভূমিসেবা: কমেছে ভোগান্তি ও দালালচক্রের দৌরাত্ম্য
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৯:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে অটোমেশন ও সম্পূর্ণ ক্যাশলেস লেনদেন ব্যবস্থা চালু হওয়ায় সেবাগ্রহীতাদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে। আধুনিক এই ডিজিটাল ব্যবস্থার ফলে এখন অনায়াসেই দুর্নীতি ও দালালচক্রের প্রভাব রোধ করা সম্ভব হচ্ছে। দ্রুততম সময়ে নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধের সুবিধা পেয়ে সন্তোষ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ একরামুল হক নাহিদ জানান, নামজারি ও ভূমি উন্নয়ন কর আদায়ের পুরো প্রক্রিয়া এখন অটোমেশনের আওতায় সম্পন্ন হচ্ছে। কোনো ধরনের নগদ অর্থ লেনদেনের সুযোগ না থাকায় কার্যালয়ে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং নিয়মিত মনিটরিং জোরদার করা হয়েছে। কার্যালয়ের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দিতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, নির্ধারিত অনলাইন নিয়ম অনুসরণ করে তিনি হয়রানি ছাড়াই দ্রুততম সময়ে নামজারি সম্পন্ন করতে পেরেছেন। অন্য এক সেবাগ্রহীতা মনিরুল ইসলাম বলেন, ডিজিটাল পদ্ধতির ফলে ভূমিসেবার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এবং প্রয়োজনীয় নথি সহজে ও স্বচ্ছতার সঙ্গে পাওয়া যাচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ক্যাশলেস ও স্বয়ংক্রিয় লেনদেন চালু হওয়ায় ভূমি অফিসের জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। সাধারণ জনগণ সরাসরি এই সেবার সুফল পাওয়ায় মাঠ পর্যায়ে ডিজিটাইজেশনের ইতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।
১১০ বার পড়া হয়েছে