পঞ্চগড়ে তরুণীর ছবি ছড়ানোর অভিযোগে ভারতীয় যুবক গ্রেফতার
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তানভীর আলম নামের এক ভারতীয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ওই যুবকের দায়ের করা পাল্টা মামলায় ভুক্তভোগী তরুণী ও তাঁর এক স্বজনকেও আটক করা হয়েছে। আদালত আজ তাঁদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গ্রেফতার তানভীর আলম (২৪) ভারতের বিহার রাজ্যের পাটনা জেলার বাসিন্দা। ভুক্তভোগী তরুণী পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা। জানা গেছে, ২০২৪ সালের অক্টোবরে একটি ভিডিও চ্যাটিং অ্যাপের মাধ্যমে তাঁদের পরিচয় ও পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ভিডিও কলে কথা বলার সময় ওই তরুণীর কিছু আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন তানভীর।
অভিযোগে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তরুণীর স্বজনদের মেসেঞ্জারে ছবিগুলো পাঠানো হয়। ছবি মুছে ফেলার অনুরোধে তানভীর রাজি না হওয়ায় কৌশলে তাঁকে বাংলাদেশে আসার অনুরোধ করা হয়। গত ৮ অক্টোবর তানভীর পঞ্চগড়ে পৌঁছালে তরুণীর স্বজনরা তাঁর ফোন থেকে আপত্তিকর ছবিগুলো মুছে দেন। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে, ভারতীয় নাগরিক তানভীর আলম থানায় একটি পাল্টা মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, বিয়ের প্রস্তাব দিয়ে তাঁকে বাংলাদেশে ডেকে এনে একটি ঘরে আটকে রাখা হয়। সেখানে তাঁকে মারধর করে পাসপোর্ট, মোবাইল ও ডেবিট কার্ড কেড়ে নিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এই মামলায় পুলিশ ওই তরুণীসহ দুজনকে আটক করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় পক্ষের মামলার ভিত্তিতে তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১১০ বার পড়া হয়েছে