ফ্যাসিবাদ ফিরলে দায় নিতে হবে গুপ্ত জামায়াতকে: ফরিদপুরে শামা ওবায়েদ
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৩:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে পুনরায় ফ্যাসিবাদ বা কোনো সন্ত্রাসী রাজনৈতিক দল ফিরে আসলে তার সম্পূর্ণ দায় 'গুপ্ত জামায়াতকে' নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেত্রী শামা ওবায়েদ। ফরিদপুরের নগরকান্দায় দলীয় সমাবেশে তিনি অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই সরকারের বিরুদ্ধে কর্মসূচি দিয়ে ফ্যাসিবাদের দোসরদের মাথাচাড়া দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।
ফরিদপুরের নগরকান্দায় স্থানীয় বিএনপি আয়োজিত দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরকান্দা সদর পেট্রোল পাম্প থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেত্রী শামা ওবায়েদ জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে বলেন, আপনারা বিশাল গাড়ি বহর নিয়ে লং মার্চ করছেন এবং বিরোধী দলের ভূমিকা পালন করছেন। তবে কোনো যৌক্তিক কারণ ছাড়াই বর্তমান সরকারের বিরুদ্ধে আজেবাজে মন্তব্য ও বিভিন্ন কর্মসূচি দেওয়া হচ্ছে। আমাদের কাছে খবর আছে, আপনারা যেখানেই যাচ্ছেন, সেখানেই ফ্যাসিবাদের দোসরেরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে।
শামা ওবায়েদ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদ ও কোনো সন্ত্রাসী রাজনৈতিক দল ফেরত আসে, তবে তার সমস্ত দায়ভার এককভাবে এই গুপ্ত জামায়াতকেই বহন করতে হবে। দেশের এই সংকটকালীন মুহূর্তে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে যাতে কোনো স্বৈরাচারী শক্তি সুযোগ নিতে না পারে।
বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি ও লুটপাট করেছে। বর্তমান সরকার সুচারুভাবে এই খাতকে স্বাভাবিক করার চেষ্টা করছে এবং নিজেদের সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দিচ্ছে। একই সাথে মুক্তিযোদ্ধাদের আড়াল বা অপমান করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থানের কথা পুনরুল্লেখ করেন তিনি।
১০৯ বার পড়া হয়েছে