জনগণের সঙ্গে গাদ্দারি করবেন না: নরসিংদীতে মামুনুল হকের হুঁশিয়ারি
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ২:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীতে এক বিশাল নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের রায় মেনে নিতে হবে এবং তাদের সঙ্গে কোনোভাবেই গাদ্দারি করা যাবে না। অন্যথায় যেকোনো আত্মঘাতী সিদ্ধান্তের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ডে বাংলাদেশ খেলাফত মজলিস পলাশ উপজেলা শাখা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বাজারে তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।
বক্তব্যে মাওলানা মামুনুল হক শেখ হাসিনার পলায়নের বিষয়টি উল্লেখ করে বলেন, এ দেশের জনগণ সহজে কাউকে ধরে না, তবে একবার ধরলে আর কোনোভাবেই ছাড় দেয় না। তাই পূর্ববর্তী শাসকদের পরিণতি থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রশাসনকে সতর্কতার সাথে পথ চলার পরামর্শ দেন তিনি।
পলাশ উপজেলা শাখার সভাপতি মুফতি ফারুক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলের অন্য শীর্ষস্থানীয় নেতারাও বক্তব্য রাখেন। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
১০৭ বার পড়া হয়েছে