চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। বৃহস্পতিবার রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া এলাকার একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, বড় কোনো নাশকতার উদ্দেশ্যেই এগুলো লুকিয়ে রাখা হয়েছিল।
অভিযানটির নেতৃত্ব দেয় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস দল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের একটি আম বাগানে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাগানের ভেতর একটি গাছের নিচে সাদা রঙের শপিং ব্যাগে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এই অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজগুলো খুঁজে পাওয়া যায়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সীমান্ত এলাকায় উদ্ধার হওয়া এসব অস্ত্র বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য আনা হয়েছিল বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। উদ্ধারকৃত আলামতসমূহ রাতেই পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
১২৭ বার পড়া হয়েছে