মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবস উদযাপিত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী, শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জে এক বর্ণাঢ্য আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানটিতে শিশুদের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মুন্সীগঞ্জ শিশু একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বলেন, দেশকে ভালোবেসে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিশুদের যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় তিনি শিশুদের সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ। এ ছাড়া শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা এই আনন্দঘন আয়োজনে অংশ নেন। গত পাঁচ দশক ধরে শিশুদের মেধা অন্বেষণে শিশু একাডেমির অনন্য ভূমিকার প্রশংসা করেন বক্তারা।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে মুন্সীগঞ্জকে একটি শিশুবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, কোনো শিশু যেন বাল্যবিবাহ, শিশুশ্রম, নির্যাতন বা বৈষম্যের শিকার না হয় তা নিশ্চিত করা সবার দায়িত্ব। পাশাপাশি শিশুদের শিক্ষা, ক্রীড়া ও সুস্থ সংস্কৃতির সমান সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
সমসাময়িক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোকপাত করে জেলা প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিজ নিজ আঙিনা ও চারপাশ পরিষ্কার রাখতে এবং কোথাও পানি জমতে না দিতে বিশেষভাবে অনুরোধ জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী মেধাবী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সবশেষে অনুষ্ঠিত হয় শিশুদের জমকালো সাংস্কৃতিক পরিবেশনা।
১২২ বার পড়া হয়েছে