সিলেটে বিশেষ অভিযানে চার দিনে গ্রেপ্তার ২২৭
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটে কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে চার দিনে ২২৭ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। নগরের বিভিন্ন এলাকায় প্রতিরাতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সিলেটে কিশোর গ্যাং, কিশোর অপরাধ, মাদক, ছিনতাই ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। গত ৪ অক্টোবর রাত থেকে শুরু হওয়া এ অভিযান বুধবার রাত পর্যন্ত চলেছে। চার দিনের অভিযানে মোট ২২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এসএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ২২৭ জনের মধ্যে ৬৪ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ১৬১ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে শাস্তি দেওয়া হয়েছে।
থানাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ সুরমা থানার এলাকায়। এ থানায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর কোতোয়ালি মডেল থানার এলাকায় ৬৮ জন, এয়ারপোর্ট থানায় ২৮ জন, জালালাবাদ থানায় ২৬ জন, মোগলাবাজার থানায় ১৯ জন এবং শাহপরান (রহ.) থানায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, কিশোর গ্যাং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক, ছিনতাই ও জুয়ার বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
১২২ বার পড়া হয়েছে