প্রতিবন্ধীদের দেশের সম্পদে পরিণত করতে কাজ করছে সরকার: এস এম জিলানী
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের সমাজের বোঝা না ভেবে তাদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। গোপালগঞ্জের কোটালীপাড়ায় হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। প্রতিবন্ধী কল্যাণে সরকারের বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।
কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অভিনথির বক্তব্যে এস এম জিলানী বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত, খেলাধুলা ও চাকুরির সুযোগ সৃষ্টিতে নানামুখী কার্যক্রম চালু করা হয়েছে। ইতোমধ্যে তাদের জন্য ওয়ান-স্টপ সার্ভিসও চালু করেছে সরকার।
তিনি জানান, বর্তমানে দেশজুড়ে প্রায় ২ হাজার ৭০০টি প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে এবং এই সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কোটালীপাড়া উপজেলায় অন্তত দুটি নতুন প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ চলছে বলেও তিনি আশ্বস্ত করেন।
সংসদ সদস্য আরও উল্লেখ করেন, কোটালীপাড়ায় প্রতিবন্ধী ভাতা ভোগীদের সংখ্যা বাড়ানোর জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে তদ্বির চলছে। এছাড়া যুবসমাজকে সঠিক পথে রাখতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, আদর্শ ও দর্শন চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হুইলচেয়ার বিতরণ শেষে সংসদ সদস্য কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১২৬ বার পড়া হয়েছে