চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ রূপ: তত্ত্বাবধায়কসহ ১৫ স্বাস্থ্যকর্মী আক্রান্ত
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ আশঙ্কাজনক রূপ ধারণ করছে। জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ার পাশাপাশি খোদ হাসপাতালের তত্ত্বাবধায়ক ও চিকিৎসকসহ অন্তত ১৫ জন স্বাস্থ্যকর্মী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে বর্তমানে ৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১৯ জন পুরুষ, ৩২ জন নারী এবং ১১ জন শিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে ৬ জনকে।
চলতি বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ১ জানুয়ারি থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সর্বমোট ১,৯২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া বহির্বিভাগে আরও ১,৫২০ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে এবং ১৩২ রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য জেলায় স্থানান্তর করা হয়েছে।
জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার এবং অর্থো-সার্জারি বিভাগের সহকারী সার্জন ডা. মো. ফজর আলী লাল ডেঙ্গু আক্রান্ত হয়ে নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়া নার্সসহ আরও ১৩ জন স্টাফ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসক সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে ৩ জন চিকিৎসককে জেলা হাসপাতালে সংযুক্তি দেওয়া হয়েছে।
এদিকে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন। এডিস মশার প্রজনন ধ্বংস ও সচেতনতা বৃদ্ধিতে প্রতিদিন বিকেলে পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান। অসচেতনতার দায়ে ইতোমধ্যে বেশ কয়েকজন বাড়ির মালিককে জরিমানাও করা হয়েছে।
১৩০ বার পড়া হয়েছে