বান্দরবানে সিভিল সার্জন পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দুর্নীতির অভিযোগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া ডা. শাহীন হোসাইন চৌধুরীকে পুনরায় বান্দরবানের সিভিল সার্জন পদে পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ‘বান্দরবান সচেতন সমাজ’।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বান্দরবান প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সংহতি জানিয়ে সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ডা. শাহীন হোসাইন চৌধুরীকে ওএসডি করা হয়েছিল। পরে তাকে আবার বান্দরবানের সিভিল সার্জন পদে ফিরিয়ে আনার সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।
তাদের দাবি, ডা. শাহীন হোসাইন চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর যথাযথ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জেলার গুরুত্বপূর্ণ এ পদে পুনর্বহাল করা উচিত নয়।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাই জেলার স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে কাউকে পদায়নের আগে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন।
তারা ডা. শাহীন হোসাইন চৌধুরীর পুনর্বহাল আদেশ পুনর্বিবেচনা করে একজন যোগ্য ও গ্রহণযোগ্য কর্মকর্তাকে বান্দরবানের সিভিল সার্জন হিসেবে পদায়নের দাবি জানান।
মানববন্ধন থেকে ডা. শাহীন হোসাইন চৌধুরীর পুনর্বহাল আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন বক্তারা।
কর্মসূচিতে ‘বান্দরবান সচেতন সমাজ’-এর নেতৃবৃন্দের মধ্যে অংসিং থোয়াই মার্মা, উথোয়াইমি মার্মা, চিংনু মার্মা, দুলাল ও মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১২৪ বার পড়া হয়েছে