নড়াইল জেলা যুবলীগ সভাপতি ভিপি মাসুম গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৯:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইল জেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভিপি অ্যাডভোকেট গাউসুল আজম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতের সামনে থেকে নাশকতার পৃথক দুই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আদালত চত্বরে দায়িত্ব পালনকালে এই গ্রেপ্তারের ঘটনা নড়াইলের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনকালে অ্যাডভোকেট গাউসুল আজম মাসুম প্রতিদিনের মতো বৃহস্পতিবারও আদালতে কাজ করছিলেন। দুপুরের দিকে তিনি আদালত সড়কের নিজস্ব চেম্বার থেকে বের হয়ে রাস্তায় আসামাত্রই সাদা পোশাকধারী পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে সরাসরি সদর থানায় নিয়ে যাওয়া হয়।
নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, যুবলীগ নেতা মাসুমের বিরুদ্ধে নাশকতার দুটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এসব মামলায় পলাতক ছিলেন। থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর দ্রুততম সময়ের মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
গ্রেপ্তারকৃত গাউসুল আজম মাসুমের দীর্ঘ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের ভিপি (সহ-সভাপতি) হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন। সর্বশেষ তিনি জেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১২৬ বার পড়া হয়েছে