সর্বশেষ

সারাদেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: কলাপাড়া ও কুয়াকাটা বিএনপি নেতার পদ স্থগিত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৯:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ও কুয়াকাটা পৌর বিএনপির দুই সাধারণ সম্পাদকের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির এক জরুরি নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়। অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে শিশু নির্যাতন ও সালিশি বৈঠকের নামে ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাঁদের পদ স্থগিত করা হয়েছে। জেলা বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

উপজেলা বিএনপির স্থগিত হওয়া সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে এক শিশুকে চুরির অপবাদে মারধর ও নির্যাতনের অভিযোগ রয়েছে। গত ২২ সেপ্টেম্বর কলাপাড়ায় জিসান নামের এক ১২ বছর বয়সী শিশু ও তার মাকে বেত্রাঘাত করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলা বিএনপি তদন্ত সাপেক্ষে এ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

অন্যদিকে, কুয়াকাটা পৌর বিএনপির স্থগিত হওয়া সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বিরুদ্ধে দলীয় কার্যালয় ব্যবহার করে জমি সংক্রান্ত বিরোধের বেআইনি সালিশ ডাকার অভিযোগ উঠেছে। আদালতে বিষয়টি বিচারাধীন থাকা সত্ত্বেও উভয় পক্ষকে পৌর বিএনপির কার্যালয়ে হাজির হতে নির্দেশ দিয়ে তিনি নোটিশ জারি করেন। এই সাংগঠনিক এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ডের ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে জেলা বিএনপি মনে করে।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি গণমাধ্যমকে জানান, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল এবং কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্ম বা শৃঙ্খলাবিরোধী আচরণকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ভবিষ্যতে সমাজবিরোধী বা অনৈতিক কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধেও একই ধরনের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০