সিরাজগঞ্জে ৮৫২ শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৯:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের ১৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৮৫২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ বিতরণ করেছে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন। বেলকুচি উপজেলায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর নতুন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করেন খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
প্রধান অতিথির বক্তব্যে খাজা টিপু সুলতান বলেন, "ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তিতে আমাদের শপথ হোক ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া। সত্য কথা বলা, প্রতারণা থেকে দূরে থাকা, নিজের স্বার্থের চেয়ে অন্যের অধিকারকে অগ্রাধিকার দেওয়া এবং আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে।"
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহিদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন এবং বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকার সোহেল। এছাড়াও ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের সঞ্চালনায় শিক্ষার্থীদের জন্য আয়োজিত মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক বিশেষ পর্ব "মেধায় মাতি" উপস্থিত সবার নজর কাড়ে।
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রদানের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা এবং অসচ্ছল কর্মক্ষম ব্যক্তিদের স্বাবলম্বী করতে 'ছাদকা-ই-জারিয়া' হিসেবে এককালীন অনুদানসহ নানাবিধ মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
১৪৬ বার পড়া হয়েছে