প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পদ্মায় প্রবল বাতাস ও তীব্র ঢেউয়ের কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ৩টার দিকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকায় আটকে পড়া যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে হঠাৎ করেই পদ্মা নদীতে ঝোড়ো হাওয়া শুরু হয়। তীব্র বাতাসের কারণে উত্তাল নদী ও প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হলে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
কোনো ধরনের নৌ দুর্ঘটনা এড়াতে এবং যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সাময়িকভাবে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এর ফলে নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় থাকা অসংখ্য যানবাহন আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম জানান, পদ্মায় বাতাসের গতি এবং ঢেউয়ের তীব্রতা কমে আসায় পুনরায় ফেরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, সাময়িক এই অচলাবস্থার কারণে ঘাট এলাকায় যে যানজটের সৃষ্টি হয়েছে, তা নিরসনে আটকে পড়া যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পর্যায়ক্রমে পারাপার করা হচ্ছে। দ্রুতই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
১২২ বার পড়া হয়েছে