সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জেলা বিএনপি'র বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবান জেলা বিএনপি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা শহরে এ কর্মসূচি পালন করা হয়।
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবান জেলা বিএনপি।
বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, সরওয়ান জামাল ও চনুমং মারমা। এ সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে জাবেদ রেজা বলেন, মাদক বিক্রি ও সেবন—দুটিই অপরাধ। মাদক নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থান এবং ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। মাদকের কারণে পরিবার ভেঙে যাচ্ছে এবং সমাজে নানা সংকট তৈরি হচ্ছে। এ কারণে মাদক প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, বন্ধু ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
মাদকবিরোধী কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান জেলা বিএনপির এই নেতা।
১১০ বার পড়া হয়েছে