জামালপুরে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
শিশুদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি বা সুবর্ণজয়ন্তী। জেলা প্রশাসন ও জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহসান।
এছাড়াও বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শাহ মোঃ জিল্লুর রহমান, জাজাস জেলা শাখার সভাপতি রিজভী আল জামালী রনজু এবং সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা দেশের প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ জোর দেন।
আলোচনা সভায় বক্তারা প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও শোষনমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন। একই সাথে শিশুশ্রম বন্ধ করে তাদের আধুনিক ও প্রযুক্তি-নির্ভর শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানানো হয়, যাতে তারা ক্রীড়া ও সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
১২৬ বার পড়া হয়েছে