দীর্ঘ ২১৬ দিন পর যমুনা সার কারখানায় পুনরায় উৎপাদন শুরু
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৪:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ ২১৬ দিন বন্ধ থাকার পর জামালপুরের তারাকান্দিতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ যমুনা সার কারখানায় (জেএফসিএল) পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার ১৮ দিন পর আজ ভোর থেকে কারখানাটিতে উৎপাদন শুরু হয়। এতে করে দেশের ১৯টি জেলায় সার সংকট কাটার আশা করা হচ্ছে।
কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই এই বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে ইউরিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। দীর্ঘ ২১৬ দিন অচলাবস্থা কাটার পর, গত ১৮ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কারখানায় পুনরায় গ্যাস সরবরাহ শুরু করে।
গ্যাস পাওয়ার পর কারখানার প্রকৌশলী ও শ্রমিকরা কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে কাজ শুরু করেন। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ রোববার ভোররাত থেকে কারখানার প্ল্যান্ট সচল করে সার উৎপাদন শুরু করা সম্ভব হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যমুনা সার কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, এই কারখানায় প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদিত হয়। এখান থেকে উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের ১৯টি কমান্ড জেলায় সরবরাহ করা হয়ে থাকে, যা দেশের কৃষি অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১২৪ বার পড়া হয়েছে