সর্বশেষ

জাতীয়

খুচরা বাজারে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৮:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, খুচরা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা ও নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে সব জেলা প্রশাসককে নজরদারি বাড়ানো এবং আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, দেশের কোথাও কোথাও জ্বালানি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে এবং নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেপ্টেম্বর মাসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে। আশা করা যায়, এলপিজির সংকট ধীরে ধীরে কমে আসবে।

রেল যোগাযোগকে সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র ও জনগণের কথা বিবেচনা করেই সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কোনো কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে যেতে পারে। তবে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করবে। জনগণের স্বার্থ বিবেচনায় নিয়েই সরকার যেকোনো সিদ্ধান্ত নিতে চায়।

ভিজিএফ কার্ডের আওতা সম্প্রসারণ এবং সহায়তার পরিমাণ বাড়ানোর কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ভিজিএফ কার্ডের আওতা বাড়ানো হচ্ছে এবং কার্ডের মাধ্যমে ২০ কেজি করে চাল দেওয়া হবে। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। তাদের কিছুটা স্বস্তি দিতে কার্ডের আওতা সম্প্রসারণের পাশাপাশি সহায়তার পরিমাণও বাড়ানো হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে ডা. জাহেদ উর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে হামলায় জড়িতদের ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। এর বাইরে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের আগ্রহের কথাও জানান তিনি। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার খুবই আগ্রহী। তবে এ প্রকল্পের অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশ করবে, সেটি ভিন্ন আলোচনা।

ব্যাটারিচালিত অটোরিকশার কিছু সুবিধা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এটি একেবারে নিয়ন্ত্রণহীনভাবেও চলতে পারে না। এ বিষয়ে সরকার একটি নীতিমালা প্রণয়ন করছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০