মোংলায় বাসের ইঞ্জিনের নিচে মিলল ১২০ কেজি গাঁজা, আটক ৩
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় একটি যাত্রীবাহী বাসের ইঞ্জিনের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২০ কেজি (প্রায় ৩ মণ) গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-০৬। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত রাতে বিপুল পরিমাণ এই মাদকসহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানের বিষয়ে এসআরবি-০৬ (খুলনা) এর উপপরিচালক ও স্কোয়াড কমান্ডার সৈয়দ ফজলুর রহমান জানান, ঢাকার কাঁচপুর থেকে বিপুল পরিমাণ গাঁজার একটি বড় চালান নিয়ে একটি যাত্রীবাহী বাস বাগেরহাটের মোড়েলগঞ্জ হয়ে মোংলা অভিমুখে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মোংলার ব্রাহ্মণমেঠ এলাকায় বিশেষ নজরদারি শুরু করে যৌথ বাহিনীর একটি দল।
গভীর রাতে সন্দেহভাজন বাসটি নির্ধারিত এলাকায় পৌঁছালে সেটিকে থামানো হয়। পরবর্তীতে ব্যাপক তল্লাশির একপর্যায়ে চালক ও সহকারীর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বাসের পেছনের চেচিসের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৬টি কার্টন উদ্ধার করা হয়। কার্টনগুলো খুলে মোট ১২০ কেজি গাঁজা জব্দ করা হয়।
এই ঘটনায় জড়িত থাকার অপরাধে বাসের চালক পারভেজ, সহকারী নূর আমিন এবং মাদক চক্রের অন্যতম সদস্য আমিনুর রহমানকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত তিনজনেরই বাড়ি রংপুর জেলা সদরে বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে, ইতিপূর্বেও তারা একই উপায়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাদকের চালান সরবরাহ করেছে। তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১২৬ বার পড়া হয়েছে