নড়াইলে মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৪:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের নড়াগাতী থানার দেবদুন গ্রামে মাদক বেচাকেনার বিরোধের জেরে আরাফাত মোল্যা (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে বাড়ির কাছেই প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়। নিহত যুবকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আরাফাত দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। সোমবার রাত ১২টার দিকে তাকে বাড়ির পাশে একা পেয়ে প্রতিবেশীরা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, নিহত আরাফাতের বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদক চোরাচালান, চুরি ও ডাকাতিসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে। মাদক ব্যবসা ও বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে প্রতিবেশী কবির হোসেন ও জিসান নামের দুই যুবকের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, প্রাথমিক তদন্তে মাদক ব্যবসার অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িত কবির, জিসানসহ অন্তত ৫ জনকে চিহ্নিত করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
১১১ বার পড়া হয়েছে