দুর্গাপূজায় ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ২:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
দুর্গাপূজা উপলক্ষে দেশের শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি অনুযায়ী রাত ৮টায় দোকানপাট বন্ধ করতে হবে।
দুর্গাপূজাকে সামনে রেখে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে সাময়িকভাবে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। সোমবার বিদ্যুৎ বিভাগের এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি, অর্থাৎ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত, কার্যকর হবে।
নতুন সময়সূচি বাস্তবায়নের জন্য দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা দোকান মালিক সমিতিকেও সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।
এ ছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
এর আগে বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে গত ১২ আগস্ট দোকানপাট ও বিপণিবিতান বন্ধের সময় রাত ৯টা থেকে কমিয়ে রাত ৮টা করা হয়। তখন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত হয়।
ওই সময় মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড ও সব ধরনের আলোকসজ্জা বন্ধ করতে বলা হয়।
এর আগে জুনে দোকানপাট ও বিপণিবিতান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তখন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।
চলতি বছর জ্বালানি সংকটের মধ্যে কয়েক দফায় দোকানপাট খোলা রাখার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকট দেখা দেওয়ার পর এপ্রিলের শুরুতে শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
কোরবানির ঈদ সামনে রেখেও সময়সূচিতে সাময়িক ছাড় দেওয়া হয়েছিল। গত ১২ মে থেকে ঈদের আগ পর্যন্ত বিপণিবিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। পরে জুনে তা রাত ৯টা এবং আগস্টে রাত ৮টায় নামিয়ে আনা হয়।
তবে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের বিধান নতুন নয়। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১১৪ ধারায় সাধারণভাবে রাত ৮টার পর দোকান খোলা না রাখার বিধান রয়েছে। অবশ্য রাত ৮টার সময় কোনো ক্রেতা দোকানে থাকলে তাঁকে আরও আধা ঘণ্টা কেনাকাটার সুযোগ দেওয়ার বিধান রয়েছে।
২০২২ সালে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবে সরকার এই বিধান কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছিল।
১০৫ বার পড়া হয়েছে