খুলনায় ছেলে খুনের দেড় মাসের মাথায় বাবাকেও গুলি করে হত্যা
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৪:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনার রূপসায় ছেলে জয় ঢালীকে গলা কেটে হত্যার মাত্র দেড় মাসের ব্যবধানে এবার তার বৃদ্ধ বাবা আক্তার ঢালীকেও (৬০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার আইচগাতী ইউনিয়নের দূর্জনিমহল এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। একই পরিবারে পর পর দুটি নৃশংস খুনের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রূপসা উপজেলার দুর্জনীমহল গ্রামের শহীদের মোড় সংলগ্ন নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন আক্তার ঢালী। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলির বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসার আগেই রক্তাক্ত অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গত ১৫ আগস্ট রাতে একই এলাকায় আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) একটি চায়ের দোকানের সামনে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহত জয়ের মা নাসিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এই মামলার প্রধান আসামিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছিল।
ঘটনার পর পরই রূপসা থানা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতা নাকি ছেলে হত্যা মামলার জের ধরে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১২০ বার পড়া হয়েছে