২ বছরের মধ্যে মাঠের খেলায় পরিবর্তন আসবে: আমিনুল হক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রতিটি স্কুলে ‘নতুন কুঁড়ি’র ১০টি ইভেন্ট বাধ্যতামূলক করা হয়েছে এবং তা ইতিমধ্যে পাঠ্যপুস্তকে সংযোজন করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও জেলায় গুণগত পরিবর্তন আসবে। তখন শিশুরা ডিভাইস ও মাদক থেকে দূরে থেকে মাঠে খেলাধুলায় যুক্ত হবে।
শুক্রবার বিকেলে ঢাকার ধামরাইয়ে ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মাঠে কালামপুর যুবক সমিতির আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এ সময় আমিনুল হক বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র সাত মাস। সরকারের যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নে সময় দিতে হবে। আগামী দুই বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের মাঠের খেলাধুলায় পরিবর্তন আসবে।
তিনি বলেন, প্রতিটি স্কুলে ‘নতুন কুঁড়ি’র ১০টি ইভেন্ট বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যে এসব ইভেন্ট পাঠ্যপুস্তকে সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে শিশুদের মাঠমুখী করার পাশাপাশি ডিভাইস ও মাদক থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। এ ছাড়া আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১০৭ বার পড়া হয়েছে