ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর কর্মকর্তা ও ভ্যানচালক নিহত
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর কর্মকর্তা ও ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা এলাকায় বাসের চাপায় এক পৌর কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আ স ম আব্দুস সামাদ (৪৮) পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি মোটরসাইকেলযোগে বৈশাখী তেল পাম্পের সামনে থেকে অফিসের দিকে যাচ্ছিলেন। পথে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী দ্রুতগতির রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয় এবং একটি ইজিবাইককে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় আব্দুস সামাদ ও ইজিবাইক চালক নূর হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন। আহত ইজিবাইক চালককে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, জেলার মহেশপুর উপজেলার কুল্লাপাড়া গ্রামের মসজিদের সামনে অপর একটি দুর্ঘটনা ঘটে। সেখানে ইটভাটার মাটি টানা একটি দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় মামুন হোসেন (৩৫) নামের এক ভ্যানচালক প্রাণ হারান। এ ঘটনায় ভ্যানে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত মামুন উপজেলার গাড়াপোতা গ্রামের বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, উভয় ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
১২২ বার পড়া হয়েছে