সর্বশেষ

খেলা

৪৬ বছর বয়সে মাঠে ফিরেই জয় পেলেন রোনালদিনহো

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৭:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ১১ বছর পর আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে মাঠে নেমেই জয়ের স্বাদ পেয়েছেন তিনি। তাঁর প্রত্যাবর্তনের ম্যাচে ইতালির তৃতীয় বিভাগের দল ফোরলিকে ২-০ গোলে হারিয়েছে রাভেন্না। প্রিয় তারকাকে মাঠে দেখতে স্টেডিয়ামে ভিড় করেন হাজারো দর্শক।

রোববার (১৫ নভেম্বর) রাতে ইতালির স্তাদিও ব্রুনো বেনেল্লিতে অনুষ্ঠিত সিরি সিয়ের ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। বিশ্বকাপজয়ী রোনালদিনহোর প্রত্যাবর্তন দেখতে পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতার গ্যালারি পূর্ণ হয়ে যায়। দর্শকদের বাড়তি চাপ সামলাতে স্টেডিয়ামে অস্থায়ীভাবে আরও ১ হাজার ৮০০ আসনের ব্যবস্থা করা হয়। এসব আসনের নাম দেওয়া হয়েছিল ‘আর১০’।

ম্যাচে রাভেন্নার প্রথম গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রোনালদিনহো। প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে সতীর্থের উদ্দেশে বল বাড়িয়ে দেন তিনি। সেই আক্রমণের ধারাবাহিকতায় বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন জিউলিও দোনাতি।

এর আগে কর্নার থেকেও দোনাতির জন্য গোলের সুযোগ তৈরি করেছিলেন ব্রাজিলের এই তারকা। তবে প্রতিপক্ষের এক ডিফেন্ডার হেড করে বল ফিরিয়ে দেওয়ায় গোল পাওয়া হয়নি।

প্রথমার্ধের বিরতিতেই রোনালদিনহোকে মাঠ থেকে তুলে নেন কোচ। মাঠ ছাড়ার পর তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। এ সময় তাঁর সঙ্গে মাঠে যোগ দেন ব্রাজিল ও এসি মিলানের সাবেক সতীর্থ গোলরক্ষক দিদা।

রাভেন্নার সঙ্গে রোনালদিনহোর সম্পর্ক অবশ্য কয়েক মাসের। গত আগস্টে বিনিয়োগকারী হিসেবে ক্লাবটির সঙ্গে যুক্ত হন তিনি। এরপর অবসর ভেঙে দলটির হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেন। ম্যাচের আগের দিন মাত্র একবার দলের সঙ্গে অনুশীলন করেছিলেন ব্রাজিলের সাবেক এই তারকা।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে রোনালদিনহো বলেন, ‘এত তরুণ ফুটবলারকে দেখে দারুণ লাগছে, যারা আমাকে খেলতে দেখে বড় হয়েছে। আজ তারাই আমার সঙ্গে একই মাঠে খেলছে, এটা সত্যিই অসাধারণ অনুভূতি।’

রাভেন্নার হয়ে এটিই রোনালদিনহোর প্রথম ও শেষ ম্যাচ কি না, তা এখনো নিশ্চিত নয়। ভবিষ্যতে আবার মাঠে নামবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো জানি না। সিদ্ধান্তটা এখন ক্লাব সভাপতির হাতে। তিনি যদি আমাকে ডাকেন, আমি আবারও ফিরে আসব।’

রোনালদিনহোর এই প্রত্যাবর্তন ঘিরে ইতালির ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। বয়স ও দীর্ঘ বিরতি পেরিয়ে তাঁর মাঠে ফেরাকে বিশেষ ঘটনা হিসেবেই দেখছেন সমর্থকেরা।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০