ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন মারা গেছেন।
এদিকে, গত এক দিনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে নতুন করে ৩৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৪৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে বরিশাল বিভাগে ২১২ জন, রাজশাহী বিভাগে ২১১ জন, ময়মনসিংহ বিভাগে ১০২ জন, রংপুর বিভাগে ৯৯ জন এবং সিলেট বিভাগে ১৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ১১৪ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।
১০৭ বার পড়া হয়েছে