পাবনায় স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা, ক্ষুদে বিজ্ঞানীদের নানা উদ্ভাবন
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুলে দিনব্যাপী এক জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই মেলায় প্রায় অর্ধশত উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়। পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর এসব প্রকল্প ঘুরে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষক ও দর্শনার্থীরা।
বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইডিয়াল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ। উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখেন এবং তাদের বৈজ্ঞানিক উদ্ভাবনের প্রশংসা করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলায় শিক্ষার্থীরা সৌরবিদ্যুৎ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বৃষ্টির পানি সংরক্ষণ, স্মার্ট কৃষি এবং স্বল্প ব্যয়ে বিদ্যুৎ উৎপাদনসহ প্রায় ৫০টি বাস্তবমুখী বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করে। নিজের হাতে তৈরি এসব মডেল দর্শনার্থীদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করে শিক্ষার্থীরা।
দিনব্যাপী এই আয়োজনের শেষে বিচারকদের মূল্যায়নে সেরা প্রকল্পগুলো নির্বাচন করা হয়। একটি পরিচ্ছন্ন, স্মার্ট ও টেকসই বাংলাদেশের অনন্য মডেল তৈরি করে প্রথম স্থান অধিকার করে অষ্টম শ্রেণির ছাত্রীরা। অন্যদিকে গ্যাস ডিটেক্টর ও নবায়নযোগ্য শক্তিচালিত প্রকল্প দিয়ে সপ্তম শ্রেণির ছাত্ররা দ্বিতীয় এবং পরিবেশবান্ধব সমাধান দেখিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীরা তৃতীয় স্থান অর্জন করে।
বিজ্ঞান মেলায় বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক সুলতানা গুলে জান্নাত কনা, সহকারী অধ্যাপক মোকাদ্দেস আলী এবং সহকারী শিক্ষক সুমন পারভেজ। অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দেওয়ার মাধ্যমে উৎসবমুখর এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।
১২১ বার পড়া হয়েছে