সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ

সাইদা আক্তার ইমা, ফরিদপুর
সাইদা আক্তার ইমা, ফরিদপুর

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফরিদপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিজস্ব স্বেচ্ছাসেবক দল মোতায়েন নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটিকে নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরণের গুজব ছড়ানো ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার মনিটরিং সেল সক্রিয় থাকবে বলেও জানানো হয়েছে।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এই সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর সভাপতিত্বে সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, এবার ফরিদপুর জেলায় মোট ৭৬০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রতিটি মণ্ডপকে নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। পর্যাপ্ত সংখ্যক পোশাকধারী পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।

ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার স্বার্থে মাগরিব ও এশার নামাজের সময় উচ্চস্বরে ঢাক-ঢোল বা অন্য কোনো বাদ্যযন্ত্র না বাজানোর জন্য পূজা উদযাপন কমিটিগুলোকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়া প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি ও নির্দিষ্ট রুট কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বা উসকানিমূলক পোস্টের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখতে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সার্বক্ষণিক নজরদারি চালাবে। যেকোনো জরুরি প্রয়োজনে বা গুজবের সত্যতা যাচাইয়ে নিকটস্থ থানা, জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা ফরিদপুর পুলিশ কন্ট্রোল রুমের বিশেষ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

সভায় উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উৎসব চলাকালীন লোডশেডিং সহনীয় রাখা এবং শহরের যানজট নিয়ন্ত্রণে কার্যকর ট্রাফিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিধান কুমার সাহা, সাধারণ সম্পাদক প্রকাশ স্বরূপ রায় অপু ও এস এম মাসুদুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০