রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে পেট্রলবোমা মেরে আগুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম আবদুল বারী। ঘটনার আগে হামলাকারীরা তার দোকানে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন স্বজনরা।
নগরের রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বারীর দোকানে এসে টাকা ভাঙাতে চায়। তিনি অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, এই বিরোধের জের ধরে রাতে অর্ধশতাধিক যুবকের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে বারীর দোকানের সামনে জড়ো হয়। তারা দোকানের শাটারের তালা ভেঙে সেখানে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। আতঙ্কিত হয়ে বারী ও তার পরিবারের সদস্যরা ঘর থেকে বের হলে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বারীকে মৃত ঘোষণা করেন। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১২১ বার পড়া হয়েছে