সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন ওষুধ কোম্পানির প্রতিনিধি
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি মেহেদী হাসান সবুজ নিহত হয়েছেন। শনিবার রাতে পাটকেলঘাটা ব্রিজের ওপরে দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
নিহত মেহেদী হাসান সবুজ সাতক্ষীরার আশাশুনি উপজেলার আব্দুল জলিলের ছেলে। তিনি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনার শিকার হন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সবুজ মোটরসাইকেল চালিয়ে পাটকেলঘাটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে মহাসড়কে পড়ে যান। এরপর ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক ঘাতক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘাতক ট্রাক ও চালককে আটকে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।
১০৮ বার পড়া হয়েছে