ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মা ও শিশুর মৃত্যু
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও তাঁর ১০ মাস বয়সী কন্যাসন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মা ছনিয়া আক্তার মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলার পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে ছনিয়া আক্তার ও তাঁর ১০ মাসের শিশু কন্যা জান্নাতকে নিয়ে তাঁর স্বামী মোটরসাইকেলে করে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন। দুপুরের দিকে তাঁদের মোটরসাইকেলটি ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা 'গোল্ডেন লাইন পরিবহন'-এর একটি দ্রুতগামী বাস তাঁদের সজোরে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ছনিয়া ও তাঁর শিশু সন্তান জান্নাত গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছনিয়াকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাস বয়সী শিশু জান্নাতও শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনার রশীদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
১০৭ বার পড়া হয়েছে